ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেছেন, বাংলাদেশ সবার দেশ। তাই শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন এবং সামাজিক বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ঈদ ও পূজা সবার উৎসব। একে অপরের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা এবং সম্প্রীতির সম্পর্ক বজায় রাখার মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আফরোজা খানম বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। এবারও উৎসবটি আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের পাশে থাকতে চান এবং সবার কল্যাণে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারি জিআর কর্মসূচির আওতায় ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

পরে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

এর আগে সকাল ১১টায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।