চীনে বাংলাদেশিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসাসেবা গ্রিন চ্যানেল হসপিটাল চালু

চীনে বাংলাদেশিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসাসেবা গ্রিন চ্যানেল হসপিটাল চালু
চীনে বাংলাদেশিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসাসেবা গ্রিন চ্যানেল হসপিটাল

কুনমিং (চীন), ২৪ অক্টোবর ২০২৬: চীনে উন্নত চক্ষু চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সমন্বিত চিকিৎসাসেবা ‘গ্রিন চ্যানেল হসপিটাল’ চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় চীন যাওয়ার আগেই চিকিৎসা বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনার সুযোগ পাবেন রোগীরা। পাশাপাশি অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, আন্তর্জাতিক রোগীদের জন্য পৃথক ডেস্ক, দোভাষী সহায়তা এবং বাংলাদেশে ফিরে আসার পর চিকিৎসা-পরবর্তী ফলো-আপ সেবাও পাওয়া যাবে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এ ধরনের বিশেষায়িত সেবা ব্যবস্থা প্রথমবারের মতো চালু হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) চীনের কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ আখতার রানু উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ‘গ্রিন চ্যানেল হসপিটাল’-এর কার্যক্রমের সূচনা করেন। একই দিনে তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরেন কনসাল জেনারেল। বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীর নিরাপত্তা, চিকিৎসার স্বচ্ছতা, যৌক্তিক ব্যয় এবং রোগীর মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

কনসাল জেনারেল বলেন, বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের নিজস্ব চক্ষু চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতেও হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, দেশেই উন্নত চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

নতুন এই উদ্যোগের ফলে চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশি রোগীরা প্রাথমিক পরামর্শ গ্রহণ থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত সমন্বিত সেবার আওতায় আসার সুযোগ পাবেন। বিশেষ করে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে ভাষাগত জটিলতা, অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসা-পরবর্তী যোগাযোগের ক্ষেত্রে রোগীদের ভোগান্তি কমাতে এ ব্যবস্থা সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং কুনমিং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।