দুর্গাপূজার ছুটি কাটিয়ে নরসিংদীর বাসায় ফিরে চুরির শিকার হওয়ার অভিযোগ করেছেন সুখন চৌধুরী নামে এক ব্যক্তি। তার অভিযোগ, বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ ৫০ লাখ টাকা ও তার স্ত্রীর আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিজের একটি ডাইং কারখানা করার স্বপ্নে গ্রামের জমি বিক্রি করে পাওয়া টাকা বাসায় রেখেছিলেন সুখন। এরপর স্ত্রী-সন্তানকে নিয়ে পূজা উদযাপনে গ্রামের বাড়ি নেত্রকোনায় যান। ছয় দিন পর ফিরে এসে দেখতে পান ফ্ল্যাটের দরজা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
শনিবার (২৪ অক্টোবর) নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে চাকরি করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।
একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা থেকে গ্রামের জমি বিক্রি করেন সুখন। কারখানা কেনার বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে দুর্গাপূজা উদযাপন করতে গ্রামের বাড়িতে যান তিনি।
শুক্রবার রাত ৮টার দিকে বাসায় ফিরে প্রথমে ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন তারা। চাবি দিয়ে দরজা খোলা না গেলে সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই কাটা গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন। পরে ফ্ল্যাটের দরজা খুলে পরিবারের সদস্যরা ভেতরে ঢুকে দেখেন, ঘরের আসবাব ও কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং একটি আলমারি ভাঙা।
সুখন চৌধুরী বলেন, একটি ডাইং কারখানা কেনার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলেন। কারখানা কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল। তার স্ত্রীর স্বর্ণালঙ্কারও আলমারিতে রাখা ছিল। তাদের অনুপস্থিতির ছয় দিনের কোনো এক সময় চোরেরা বাসায় ঢুকে টাকা ও গয়না নিয়ে গেছে।
তিনি বলেন, সারা জীবনের একটি ডাইং কারখানা করার যে স্বপ্ন ছিল, চুরির ঘটনায় সেটিও যেন হারিয়ে গেল।
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে বাসায় তালা দিয়ে তারা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে এসে দরজা খোলার চেষ্টা করলে তা খোলা যায়নি। পরে জানালার গ্রিল কাটা দেখতে পান তারা।
তার ভাষ্য, কাটা গ্রিল দিয়ে বাসার ভেতরে ঢুকে স্বামী দরজা খুলে দিলে সবাই ভেতরে প্রবেশ করেন। তখন ঘরের জিনিসপত্র এলোমেলো এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। আলমারিতে রাখা আট ভরি স্বর্ণালঙ্কার ও কারখানা কেনার জন্য রাখা ৫০ লাখ টাকা আর পাওয়া যায়নি।
নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।





