সংবিধান সংশোধন কমিটির অষ্টম বৈঠকে যেসব প্রস্তাব নিয়ে আলোচনা

সংবিধান সংশোধন কমিটির অষ্টম বৈঠকে যেসব প্রস্তাব নিয়ে আলোচনা
সংবিধান সংশোধন কমিটির অষ্টম বৈঠকে যেসব প্রস্তাব নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সাকিলা ফারজানা অংশ নেন।

এ ছাড়া দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তালিকাভুক্ত অভিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বিশেষজ্ঞদের মধ্যে ৪৪ জন সংবিধান সংশোধন বিষয়ে তাঁদের লিখিত ও মৌখিক মতামত এবং প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংবিধানের মৌলিক কাঠামো, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বা যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার পরিধি নির্ধারণ নিয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংসদের উচ্চকক্ষের সম্ভাব্য ভূমিকা এবং সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের প্রতিনিধিদের মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।