মাদককে দেশের উন্নয়নের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে দেশের তরুণরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি চিন্তা ও কর্মকাণ্ডের শুরুতেই দেশের কথা বিবেচনায় রাখতে হবে।
মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। শিশু-কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে ‘নতুন কুঁড়ি’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজন করা হচ্ছে।
সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক ব্যায়ামে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তার মতে, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত রাখার পাশাপাশি তাদের ভবিষ্যৎ বিকাশেও সহায়তা করে।
দুই দিনব্যাপী এ কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহাদজা আলম।
এ ছাড়া অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন স্থান থেকে আসা ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।





