প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা আটক

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা আটক
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ জানায়, গ্রেফতার আবু হুরায়রা সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান পদে চাকরি করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় একই ধরনের প্রতারণার মামলায় সাময়িক বরখাস্ত হন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, আবু হুরায়রার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, আবু হুরায়রা নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার পাশাপাশি বিএনপিতে পদ-পদবি ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। এরপর বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা নিতেন।

এ ঘটনায় আবু হুরায়রার বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।