কক্সবাজারের আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্কদের অবস্থানের সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের কিছু হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা তাদের কথিত প্রেমিকদের সঙ্গে এসে অবস্থান করছে বলে অভিযোগ রয়েছে। যাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি, তাদের এনআইডি ছাড়া রুম দেওয়ার বিষয়টি আইনগতভাবে গুরুতর। এ ধরনের ঘটনায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানে কোনোভাবেই এমন পরিস্থিতি চলতে দেওয়া যায় না। পরিবারের সঙ্গে এলে পর্যটকদের থাকার ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কেউ প্রেমিকের সঙ্গে এলে এনআইডি ছাড়া তাকে হোটেলে থাকার সুযোগ দেওয়া যাবে না।
এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মতবিনিময় সভায় সম্প্রতি কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনাটিও আলোচনায় আসে। গত ৮ অক্টোবর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, মৃত্যুর আগে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী ‘তানজু আক্তার’ নামে কক্সবাজারে কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেছিলেন। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল।
সভায় বিষয়টি তুলে ধরেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। তিনি কক্সবাজারের পর্যটন খাতের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
পুলিশ সুপার বলেন, কুমিল্লার একটি ঘটনায় কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। পর্যটন শিল্পের স্বার্থে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা যাতে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কক্সবাজারের ইতিবাচক ব্র্যান্ডিং জোরদার করার প্রয়োজন রয়েছে।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
সভায় কক্সবাজারের সাম্প্রতিক কয়েকটি পর্যটক মৃত্যুর ঘটনাও গুরুত্ব পায়। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর কয়েকদিন পর ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।
চলমান পর্যটন মৌসুমে এসব ঝুঁকি কমিয়ে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে এমন মতবিনিময়কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





