ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কাটার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব নির্দেশনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের প্রত্যাশা পূরণ এবং সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক রোগ নির্ণয়ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রান্তিক এলাকার মানুষ নিজ নিজ অঞ্চলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্ণয়ের আরও ভালো সুযোগ পাবেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠায় সরকারের এ ধরনের তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





