‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। পরে একই আইডি থেকে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের কথাও জানানো হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দুটি দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের কথা জানানো হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হলে বিষয়টি নিয়ে প্রশাসন ও পুলিশ তৎপর হয়।

জানা গেছে, মো. আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রীকে নিয়ে তিনি উপজেলা সদরেই বসবাস করেন। ইউএনও শিল্পী রাণী মোদকের ভাষ্য অনুযায়ী, আরিফুর রহমান বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এতদিন বিষয়টি পারিবারিক পর্যায়েই সীমাবদ্ধ ছিল।

ঘটনার দিন শুক্রবার ইউএনও শিল্পী রাণী মোদকের তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান। ইউএনও জানান, কেক কাটার আয়োজন শেষে বাসা থেকে বের হওয়ার পরই ফেসবুকে ওই পোস্টগুলো দেন তিনি।

ইউএনওর দাবি, পোস্ট দেওয়ার পর আরিফুর রহমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং তার তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টের বিষয়টি জানতে পেরে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ কয়েকজন পুলিশ সদস্য এসিল্যান্ডের বাসায় যান। ওসির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় তার স্ত্রীর পরামর্শে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তবে এতে অবস্থার তেমন উন্নতি হয়নি।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট একটি ইনজেকশনের ব্যবস্থা করার চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে সেটি পাওয়া যায়নি। এ অবস্থায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আরিফুর রহমানকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইউএনও শিল্পী রাণী মোদক। তিনি বলেন, কেন তার নাম উল্লেখ করে এমন পোস্ট দেওয়া হয়েছে, সেটি তিনিও বুঝতে পারছেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।