তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে করার প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে করার প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে করার প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের সঙ্গে আলোচনা করে বিচার বিভাগের বাইরে থেকে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়ে প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কমিটির সভাপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ার বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্পিকারকে সরকারের প্রধান করার বিষয়ে কয়েকজন প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি একদলীয় সরকারের ক্ষমতা স্থায়ী করার চেষ্টা করেছিল। বর্তমান গণতান্ত্রিক সরকারের উদ্যোগকে সেই প্রক্রিয়ার সঙ্গে এক করে দেখা ঠিক হবে না।

বিরোধী দল বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি বিএনপিকে নোট অব ডিসেন্টের অবস্থান শিথিল করার আহ্বান জানাতে চায়, তাহলে তাদের কমিটির বৈঠকে এসে বিষয়টি তুলে ধরতে হবে। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ সরকার চায় বলেও জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। তবে গণভোটের বিষয়টি তারা স্বীকার করেন। গণভোটে যেসব প্রশ্ন রাখা হয়েছে, সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকার সেটিকে সম্মান করে। ভবিষ্যতে আবার গণভোট অনুষ্ঠিত হলে সেটি সংবিধান সংস্কারকেন্দ্রিক হবে।

সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ, বিশিষ্ট নাগরিক ও অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করছে বিশেষ কমিটি। এসব বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হচ্ছে।

শনিবারের বৈঠকেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পদ্ধতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।