এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কৃষকরা ধানে ব্লাস্ট রোগ থেকে প্রতিকার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
স্থানীয় কৃষকদের উদ্যোগে পঞ্চগড়ের খানপুকুরী এলাকায় মহাসড়কে সারিবদ্ধ হয়ে এই মানবন্ধন কর্মসূচি পালন করে। এ সময় ওই এলাকায় শত শত কৃষক ব্লাস্ট রোগে আক্রান্ত ধান হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে ক্ষুব্ধ কৃষকরা বক্তব্যে জানান, তাদের বোরো ধানে ব্লাস্ট রোগে আক্রমনের শুরুতেই তারা কৃষি কর্মকর্তাদের সরেজমিনে রোগে আক্রান্ত ধান ক্ষেত পরিদর্শনের অনুরোধ জানালেও কোন কৃষি কর্মকর্তাই তাদের জমি পরিদর্শন করেনি। তাই সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় শত শত কৃষকের ধান ব্লাস্ট রোগে নষ্ট হয়েছে। বিঘা প্রতি ১ মণ ধান পাওয়াই তাদের কঠিন হয়ে পড়েছে। ঋণ মহাজনের বোঝা মাথায় নিয়ে ধান চাষ করে কৃষকরা এখন চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের অবহেলার কারণেই কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়েছেন।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে কৃষকরা ব্লাস্টে আক্রান্ত ধান সড়কে ফেলে প্রতিবাদ জানান।



