ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দের কারণে সড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডে রাস্তার উপর বসে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে।

এ সময় দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ রেখে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিস এসে যানচলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, গত ৬ জুলাই রাতে নাজমুল হাসান নাজিমকে সভাপতি, মনির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক ও জাবেদ হোসেন জুয়েলকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর সরকারি-বেসরকারি দপ্তরে ফুল দিয়ে নতুন এই কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় শুরু করেন। এরপর হঠাৎ গতকাল ১০ জুলাই রাতে সদ্য ঘোষিত সভাপতি নাজমুল হাসান নাজিমের গঠনতন্ত্রের বয়সসীমা অতিক্রম ও সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল এর বিরুদ্ধে বিবাহের অভিযোগ এনে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের স্ব-পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। শুধুমাত্র সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন স্বপদে বহাল আছেন।

একই সাথে ১০ জুলাই রাতে জেলা ছাত্রলীগের প্যাডে নাজমুল হোসেনকে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মোঃ রিয়াজউদ্দিনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ডিটু বলেন, গতরাতে ঘোষিত এই কমিটি আমরা মানি না। ৬ জুলাই ঘোষিত কমিটি বহাল রাখার দাবি জানায় আমরা।

সদ্য অব্যাহতি পাওয়া ৬ জুলাই ঘোষিত কমিটির সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, ৬ জুলাই কমিটি ঘোষণা করার পর থেকে আমরা শুভেচ্ছা বিনিময় শুরু করি। হঠাৎ কাউকে কিছু না বলে ৪ দিনের ব্যবধানে কমিটির শীর্ষ দুইজনকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষনা করা হয়।

এ ব্যাপারে জানতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের মোবাইলে (০১৯১৭-৪১৯৬৮৪) একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।