জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতা ইসলামিয়া কলেজের (বর্তমানে মওলানা আজাদ কলেজ) বেকার গভর্নমেন্ট হোস্টেলে আজ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্র্য উন্মোচন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
ভাস্কর্র্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খান এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।
ভাস্কর্যটি উন্মোচনকালে মন্ত্রী বলেন, বেকার হোস্টেলে বঙ্গবন্ধু আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পারাটা গর্বের বিষয়। তিনি ভাস্কর্য নির্মাণে ভারত সরকারের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি ভারতে বঙ্গবন্ধুর যে সকল স্মৃতি আছে তা সংরক্ষণ করে একটি সংগ্রহশালা নির্মাণের প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী গত মার্চ মাসে ভারত সফরকালে বেকার হোস্টেলে এর আগে স্থাপিত জাতির পিতার ভাস্কর্য দেখে অমিল খুঁজে পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করলে বঙ্গবন্ধুর একটি সাদৃশ্যপূর্ণ ভাস্কর্য প্রতিস্থাপন করার সিদ্ধান্ত দেন। বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি নির্মাণ করেন লিটন পাল রনি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতা ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে স্মিথ স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।




