ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ চালু করেছে ওয়ালটন।

এই ব্যবস্থার আওতায় সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি সৌরশক্তিতে চালানো যায় এমন বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না।

৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন

ওয়ালটনের তথ্য অনুযায়ী, নিজস্ব কারখানায় ছাদে স্থাপিত ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ কারখানার কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বছরে গড়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের মাধ্যমে শিল্প উৎপাদনে বিদ্যুতের খরচ কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন।

সৌরবিদ্যুতে চলবে এসি, ফ্রিজ ও টিভি

উদ্বোধন শেষে ওয়ালটনের সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল, সোলার কেবল, স্টোরেজ ইনভার্টার, ব্যাটারি এবং সোলার হাইব্রিড প্রযুক্তির ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ বিভিন্ন পণ্য ঘুরে দেখেন অর্থমন্ত্রী। এ ছাড়া সৌরবিদ্যুৎচালিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, বিএলডিসি ফ্যান, পেডেস্টাল ফ্যান, টেবিল ফ্যান, বাল্ব ও স্ট্রিট লাইটের প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

ওয়ালটনের হাইব্রিড প্রযুক্তির এসি, ফ্রিজ ও টিভি পর্যাপ্ত সূর্যালোক থাকলে সরাসরি সৌরবিদ্যুতে চলতে পারবে। সৌরবিদ্যুৎ প্রয়োজনের তুলনায় কম হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে পণ্যগুলো চালু থাকবে। এতে সৌরবিদ্যুতের প্রাপ্যতা অনুযায়ী প্রচলিত বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে।

এ ছাড়া এনার্জি স্টোরেজ সিস্টেমের (ইএসএস) মাধ্যমে দিনের বেলায় সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে জমা রেখে পরবর্তী সময়ে ওয়াশিং মেশিন, কুকার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকারসহ বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহার করা যাবে। ওয়ালটনের ইনভার্টার ব্যাটারিতে সোলার ও এসি চার্জিংয়ের সুবিধা থাকায় সৌরবিদ্যুৎ এবং গ্রিড—দুই উৎস থেকেই ব্যাটারি চার্জ করা যাবে।

সৌরশক্তি নিয়ে আশাবাদ অর্থমন্ত্রীর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস। ওয়ালটনের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আগামী এক থেকে দুই বছরে সৌরশক্তির মাধ্যমে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এতে কম খরচে মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং বিদেশ থেকে জ্বালানি আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে।

তিনি আরও বলেন, সৌরশক্তি ব্যবহার করে শুধু বাতি নয়, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য চালানো সম্ভব। দেশের মানুষকে সৌরশক্তি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম গ্রাহকদের বিদ্যুৎ বিল কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একই সঙ্গে সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথকে এগিয়ে নেবে।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ, জাতীয় গ্রিডে সরবরাহ এবং গৃহস্থালির কাজে ব্যবহারযোগ্য সৌরশক্তিনির্ভর পণ্য উৎপাদন—সবকিছুকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তাঁর মতে, এই উদ্যোগ ওয়ালটনের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটনের লক্ষ্য শুধু দেশে পণ্য উৎপাদন নয়; বরং দেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা।

সৌর কেবল ও ই-বাইকে নতুন প্রযুক্তি

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমে নতুন মডেলের তাকিওন ই-বাইকের জন্য স্মার্ট ব্যাটারি ও ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি ই-বাইককে পরিবহন সুবিধার পাশাপাশি সৌরশক্তি সংরক্ষণ ও জরুরি বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহারযোগ্য এনার্জি স্টোরেজ ব্যবস্থায় রূপ দিতে পারে।

এ ছাড়া সৌরবিদ্যুতের নিরাপদ ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে ফটোভোলটাইক বা সোলার কেবল আনা হয়েছে। এতে নমনীয় টিনড কপার কন্ডাক্টর ও বিশেষ ইনসুলেশন ব্যবহার করা হয়েছে, যা অতিবেগুনি রশ্মি, আর্দ্রতা এবং প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের প্রত্যাশা, সমন্বিত এই সোলার ইকোসিস্টেমের মাধ্যমে শিল্প ও গৃহস্থালি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তিপণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।