ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দিল্লি যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ভারতের দিল্লিতে বিমসটেকভুক্ত সাত দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসবেন। পরদিন ১৩ অক্টোবর প্রথমবারের মতো সদস্যদেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল যোগ দেবে।
এর আগে গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ওই সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এ জোটের অন্যতম লক্ষ্য।





