নিকাব বিতর্কের প্রতিবাদে ক্লাসে মুখে কালো কাপড় বাঁধলেন সামিনা লুৎফা

নিকাব বিতর্কের প্রতিবাদে ক্লাসে মুখে কালো কাপড় বাঁধলেন সামিনা লুৎফা
নিকাব বিতর্কের প্রতিবাদে ক্লাসে মুখে কালো কাপড় বাঁধলেন সামিনা লুৎফা

শ্রেণিকক্ষে শিক্ষকদের স্বাধীনতা রক্ষা এবং ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হয়রানির প্রতিবাদে পাঁচ মিনিট নীরব অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। রোববার (১১ অক্টোবর) ক্লাস চলাকালে মুখে কালো কাপড় বেঁধে তিনি এ প্রতিবাদ জানান।

পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের কারণ ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার বিষয়টি তুলে ধরেন এই শিক্ষক।

ফেসবুক পোস্টে সামিনা লুৎফা লেখেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্ব করার পরিকল্পিত প্রচেষ্টা শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যকার আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। কথা বলা কিংবা ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই তিনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছেন।

তিনি জানান, সেদিন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণ করেছেন। অনুমতি ছাড়া কী করা যাবে আর কী করা যাবে না এবং মতবিরোধ দেখা দিলে তা কীভাবে সমাধান করা হবে—এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পোস্টে সামিনা লুৎফা আরও জানান, আলোচনা শেষে তিনি মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট শ্রেণিকক্ষে নীরবে বসে থাকেন। শ্রেণিকক্ষের স্বাধীনতা পুনরুদ্ধারের দাবিতে অন্যদেরও সংহতি প্রকাশের আহ্বান জানান তিনি। পাশাপাশি তাহমিনার ছবি শেয়ার করার সময় ইংরেজিতে লেখা বক্তব্যও পোস্টে যুক্ত করেন।

নিকাব বিতর্ক ঘিরে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ অভিযোগের পর তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনাটি ঘিরে শিক্ষকের স্বাধীনতা, শ্রেণিকক্ষে মতপ্রকাশের সুযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।