উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়নে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে। তবে বরাদ্দের অর্থ জনগণের, তাই প্রতিটি পয়সা যেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সেদিকে কর্মকর্তাদের বিশেষ নজর দিতে হবে।
সরকারি দায়িত্বকে জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, সৃষ্টিকর্তা দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা সবার থাকা উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় এক রকম থাকে না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, সেই সময়টুকু দেশের ও মানুষের স্বার্থে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যার হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সুযোগ যেন দেশ ও জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা হয়।
এ সময় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাঠপর্যায়সহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতিনির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ভবিষ্যতে আবারও আলোচনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





