শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়—এই তিন পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আইজিপি আরও বলেন, সবার সম্মিলিত উদ্যোগ ও সতর্কতার মাধ্যমে দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
সভায় পুলিশ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা
সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, এসআরইউর অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমান এবং অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, এসবি প্রধান (অতিরিক্ত আইজি) মো. কামরুল আহসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ দত্ত, কল্যাণ ফ্রন্টের ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান জয়দেব রায়, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রূপন চন্দ্র দাস, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অলোক বসু এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রমনা কালীমন্দিরের সদস্য সচিব মিঠুন কুমার দাস, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপক স্বামী দেবধ্যানানন্দ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও এবং কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং নৌ পুলিশের পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।
উল্লেখ্য, এ বছর দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।





