সরকারি কর্মকর্তারা ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত: এলজিআরডি মন্ত্রী

সরকারি কর্মকর্তারা ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত: এলজিআরডি মন্ত্রী
সরকারি কর্মকর্তারা ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত: এলজিআরডি মন্ত্রী

দেশের ৫০৩টি উপজেলার উন্নয়ন কার্যক্রমে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেছেন, কোনো একটি উপজেলাকে এমন সুবিধা দেওয়া উচিত নয়, যা পাশের উপজেলার মানুষ থেকে বঞ্চিত হন। নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয় বিবেচনায়

ড. আবদুল মঈন খান বলেন, সরকারি কর্মকর্তারা শুধু চাকরিজীবী নন, তাঁরা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে।

তিনি বলেন, সীমিত সম্পদের কারণে একসঙ্গে সব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না হলেও আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয়টিও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

তৃণমূলের উন্নয়নে কর্মকর্তাদের কার্যকর ভূমিকার আহ্বান

মন্ত্রী বলেন, সরকারের গৃহীত কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে বিভিন্ন উপজেলার মধ্যে উন্নয়নের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রচলিত জ্বালানির উৎস সীমিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। সৌরবিদ্যুতের যথাযথ ব্যবহার ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করতে পারে।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সরকারের নির্ধারিত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সৌরবিদ্যুতের সুবিধা যেন নগর ও গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।