সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু
সারা দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: আসাদুল হাবিব দুলু

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

শনিবার (১০ অক্টোবর) লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত খেলার মাঠগুলো উন্নত করার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে নতুন মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে মাঠ নির্মাণের মাধ্যমে খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণদের মধ্যে সুস্থ জীবনযাপনের আগ্রহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবারও শুরু হবে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল

ত্রাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হবে। এ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মাধ্যমে তরুণদের ফুটবলে অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করছেন তিনি।

উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

মন্ত্রী আরও বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব এলাকায় স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তাদের বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, খেলাধুলার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হলে দেশের প্রতিভাবান খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।