বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তিকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বোয়িং ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে এ চুক্তির জন্য আগাম অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এতে দুই দেশই উপকৃত হবে বলে উল্লেখ করেন তিনি।
নিউইয়র্কে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারিত রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন ১১টি যুক্ত হলে বোয়িং থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা ২৫টিতে দাঁড়াবে।





