কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে বাংলাদেশ-চীন সমঝোতা

কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে বাংলাদেশ-চীন সমঝোতা
কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে বাংলাদেশ-চীন সমঝোতা

টিভিইটি উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম ও কর্মসংস্থান সৃষ্টিতে ৯টি ক্ষেত্রে সহযোগিতায় সম্মত দুই দেশ

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চীনের সঙ্গে ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতায় সম্মত হয়েছে বাংলাদেশ। এ সহযোগিতার আওতায় চীনা মানদণ্ডভিত্তিক ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং দেশজুড়ে চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর সাইডলাইনে গতকাল রাতে বাংলাদেশ ও চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন।

এ সময় চীনের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের মহাপরিচালক ইউ ইউনফেং, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের উপমহাপরিচালক লিউ ইয়ং এবং কারিগরি ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক চি ইয়ানওয়েই উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশে চীনা মানদণ্ড অনুসরণ করে ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চীনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী আরও প্রস্তাব দেন, চীনের সহায়তায় বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে। পাশাপাশি কারিগরি কলেজগুলোতে ‘চীনা ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ কোর্স চালু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন বাংলাদেশের প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানান। তিনি বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং জাতীয় পর্যায়ে চীনা ভাষা শিক্ষার বিস্তারে চীনের সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা সহযোগিতার ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারে নিম্নোক্ত বিষয়গুলোতে একমত হওয়ার কথা জানানো হয়—

১. যৌথ টিভিইটি দল গঠন: কারিগরি শিক্ষা, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও জাতীয় দক্ষতা সনদায়ন নিয়ে কাজ করতে বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দল গঠন করা হবে।

২. মডেল কারিগরি কলেজ প্রতিষ্ঠা: চীনের কারিগরি সহায়তা, আধুনিক পরীক্ষাগার এবং শিল্পখাতের অংশীদারত্বে বাংলাদেশে মডেল টিভিইটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

৩. বিদ্যমান প্রতিষ্ঠানের মানোন্নয়ন: চীনা বিশেষজ্ঞদের সহায়তায় বাংলাদেশের কারিগরি কলেজগুলোর মান ও শিক্ষা পদ্ধতি মূল্যায়ন করে উন্নয়নের ব্যবস্থা করা হবে।

৪. শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ: চীনা শিল্পপ্রতিষ্ঠান এবং বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তুলে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ জোরদার করা হবে।

৫. চীনা ভাষা ও কারিগরি প্রশিক্ষণ: প্রকৌশল, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ‘চীনা ভাষা ও কারিগরি দক্ষতা’ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

৬. শিক্ষার্থীদের কর্মসংস্থান পরিকল্পনা: পেশাগত প্রশিক্ষণ, স্বীকৃত সনদ, শিল্পকারখানায় ইন্টার্নশিপ এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়ন করা হবে।

৭. শিক্ষক বিনিময় কর্মসূচি: বাংলাদেশি কারিগরি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের জন্য বার্ষিক শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি নেওয়া হবে।

৮. উচ্চশিক্ষা ও গবেষণা: দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষা সহযোগিতা সম্প্রসারণ করা হবে।

৯. অগ্রগতি পর্যবেক্ষণ: শিক্ষার্থীদের কর্মসংস্থান, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সহযোগিতার সামগ্রিক প্রভাব মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে।

বৈঠক শেষে দুই পক্ষ এসব উদ্যোগ যথাসময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে। সংশ্লিষ্ট উদ্যোগগুলো কার্যকর হলে বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।