সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে এবারের শারদীয় দুর্গাপূজা সর্বাধিক পূজামণ্ডপ, অর্থ বরাদ্দ ও ছুটির পাশাপাশি জোরদার নিরাপত্তা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজামাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালন, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করেছে।

তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রীর ভাষ্য, কেউ জন্মগতভাবে কোনো সম্প্রদায়ের পরিচয়ে সীমাবদ্ধ নন; দেশের আইন ও সংবিধানও নাগরিকদের এভাবে চিহ্নিত করে না। বাংলাদেশে সবাই সমান অধিকারসম্পন্ন স্বাধীন নাগরিক।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং ভোটব্যাংক হিসেবে বিবেচনার চেষ্টা হয়েছে। তবে বর্তমান সরকার নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকারকে গুরুত্ব দেয়।

বনানী পূজামণ্ডপের এবারের মূল প্রতিপাদ্য ‘জলজ’। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে মণ্ডপে যে নান্দনিক সাজসজ্জা করা হয়েছে, তার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরে এমন আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য স্বপ্না ভৌমিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গা মায়ের আগমনী সংগীত, নৃত্য পরিবেশনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়কও উন্মোচন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।