প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন প্রায় দেড় হাজার সদস্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য নৌদুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

ব্রিফিংয়ে কোস্টগার্ড মহাপরিচালক বলেন, দুর্গাপূজা চলাকালে নৌদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা পেতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে। খবর পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মো. মঈনুল হাসান জানান, বৃহত্তর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, কোস্টগার্ডের পূর্ব জোনের আওতায় ৬৩টি, পশ্চিম জোনে ১৪৪টি, দক্ষিণ জোনে ৩৭১টি এবং ঢাকা জোনে ৩৭টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। এসব মিলিয়ে মোট ৬১৫টি ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাহিনীটি।

এ সময় তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেই কামনা করেন। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকেও ধন্যবাদ জানান কোস্টগার্ড মহাপরিচালক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।