দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই যেন উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
বার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
দুর্গোৎসবের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন করেন, অশুভ শক্তির বিনাশ ঘটান এবং সৃষ্টিকে লালন করেন। অশুভের বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।
বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পালন করবেন—এটাই বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য।
ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই গুরুত্বপূর্ণ শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম মূল দর্শন। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, বহু প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বড় উদ্যোগ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণকর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের অঙ্গীকার।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যেন সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার আনন্দ উদযাপন করেন। তাঁদের আবারও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।





