বিশিষ্ট সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাহবুবা ফারজানা জানান, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে তার সহপাঠী ছিলেন। তারা একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন এবং তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতা পেশাকে বেছে নেন। তার ভাষায়, খালিদী ছিলেন একজন সজ্জন ও খ্যাতিমান সাংবাদিক। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
তথ্য সচিব আরও বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাংবাদিককে হারিয়েছে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং পুরো সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।





