চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের শিল্পকারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) কারখানা পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় মন্ত্রী বলেন, দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশ নিতে পারে। এর মাধ্যমে ছোট পরিসরে হলেও কার্যকর ও অনুসরণযোগ্য একটি প্রশিক্ষণ মডেল তৈরি করা সম্ভব।
আরিফুল হক চৌধুরী বলেন, কর্মসংস্থান বৃদ্ধি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক। শিল্পপ্রতিষ্ঠানে শ্রম আইন যথাযথভাবে কার্যকর করা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
কারখানা পরিদর্শনের সময় বিএসআরএমের কর্মপরিবেশ এবং শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন শ্রমমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ এবং বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





