শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতের সার্বিক বিকাশসহ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পাঠানো একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন সারাহ কুক। রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারাহ কুকের মাধ্যমে রাজাকে শুভেচ্ছা জানান।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়াতে ওয়েস্টমিনস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন যুক্তরাজ্যের সঙ্গে দুই দেশের সংসদ সদস্যদের নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় অত্যন্ত জরুরি।”

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরও বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য পরবর্তী তিন বছর যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত তথ্য নির্ভুল করতে ‘ডিজিটাল ক্লাইমেট ডাটা’ বিনিময়ের যৌথ উদ্যোগের কথা জানান তিনি, যা দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।