মাদক নির্মূলে শুধু অভিযান নয়, সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে শুধু অভিযান নয়, সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু অভিযান নয়, সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা করা যথেষ্ট নয় উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এর পাশাপাশি কার্যকর সরকারি নীতি, শিক্ষায় নৈতিকতার চর্চা, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসা বন্ধ করা, অপরাধ দমন এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন—এই তিন ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে। অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা ও অনিশ্চয়তার কারণে অনেক তরুণ অপরাধের ঝুঁকিতে পড়ছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিক্ষায় নীতি-নৈতিকতার চর্চা প্রসঙ্গে ববি হাজ্জাজ জানান, সরকার শিক্ষার প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে কাজ করছে। তবে নীতি-নৈতিকতা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, পরিচ্ছন্নতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এর বাস্তব চর্চা গড়ে তুলতে হবে।

আইনি কাঠামো জোরদার করার বিষয়ে তিনি বলেন, মাদক সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সীমান্তে নজরদারি বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো এবং মাদক শনাক্তকরণে নতুন পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে অনলাইনে মাদক কেনাবেচা ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদারের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে তারা রূপ বদলে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।” তরুণ প্রজন্মকে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে হারিয়ে সরকারি দল হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।