পদ্মা নদীর পাড়ে ‘রিভার ড্রাইভ’ নির্মাণ করা হবে: ভূমিমন্ত্রী

পদ্মা নদীর পাড়ে ‘রিভার ড্রাইভ’ নির্মাণ করা হবে: ভূমিমন্ত্রী
পদ্মা নদীর পাড়ে ‘রিভার ড্রাইভ’ নির্মাণ করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর মাস্টারপ্ল্যান অনুযায়ী পদ্মা নদীর পাড় দিয়ে ‘রিভার ড্রাইভ’ এবং বারনই নদীর পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো—সবার জন্য একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং সবুজ রাজশাহী গড়ে তোলা।”

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর সিটি হাট চত্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহীর উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান কাজের অগ্রগতি তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নগরবাসী ব্যাপক উন্নয়নের চিত্র দেখতে পাবেন।

রাসিক ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নগরীর ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। পানির লাইন বসানোর কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো ডিসেম্বরের মধ্যেই সংস্কারের কাজ শেষ করা হবে। এছাড়া বন্ধ থাকা সোনাদীঘি মসজিদের কাজ ও বাঁধের উন্নয়নসহ সমস্ত উন্নয়নমূলক কাজ পুনরায় দ্রুত চালু করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১,৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের দেশের দ্বিতীয় বৃহত্তম ‘রাজশাহী বাইপাস’ নির্মাণ করা হবে।

এ সড়কে ডিভাইডার, উভয় পাশে বৃক্ষরোপণ, ড্রেন ও ফুটপাত থাকবে। পাশাপাশি বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১,৬০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি বিশ্বমানের সড়ক নির্মাণের ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানের পর এখন দেশ গড়ার সময় এসেছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।