অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু
অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবর মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি ঘটল। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে একজন শিশুর (বয়স ০-৫ বছর) মৃত্যু হয়েছে। এতে দেখা যায়, এ বছর মোট মারা যাওয়া ২৯৫ জনের মধ্যে নারী ৫১.৯ শতাংশ এবং পুরুষ ৪৮.১ শতাংশ।

একই সময়ে নতুন করে ১,৩০০ জন রোগী ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫,৪৫১ জনে। তাদের মধ্যে ইতোমধ্যে ৮৯,৩৮০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জুনের পর থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মার্চ ও এপ্রিলে ০, মে মাসে ১ এবং জুনে ১৩ জন মারা যান। পরবর্তীতে জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের প্রাণহানি ঘটে। তবে সেপ্টেম্বরে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক রূপ নেয়, যেখানে এক মাসেই ১৪৮ জন প্রাণ হারান। আর চলতি অক্টোবরের ৯ দিনেই ৫০ জনের মৃত্যু হলো, যার মধ্যে গত ৬ অক্টোবর একদিনেই সর্বোচ্চ ১০ জন মারা যান।

অঞ্চলভেদে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটিতে ৮০, ঢাকা উত্তর সিটিতে ৩৫, খুলনা বিভাগে ৬০, চট্টগ্রাম ও বরিশালে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে মারা গেছেন ১৭ জন।

চলতি অক্টোবর মাসের মাত্র ৯ দিনেই ১৫,৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩,৭৭৪ জন, আগস্টে ২০,৫৩৬ জন এবং জুলাইয়ে ৯,২০৬ জন হাসপাতালে ভর্তি হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।