শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন জরুরি: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন জরুরি: অর্থমন্ত্রী
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন জরুরি: অর্থমন্ত্রী

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কম্পিউটার, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনও জরুরি।

আজ দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের সাফল্যের পেছনে পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো শিক্ষার্থীর পক্ষে একক প্রচেষ্টায় সব অর্জন করা সম্ভব নয়; পরিবারের সহযোগিতা ও শিক্ষার উপযুক্ত পরিবেশও প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করতে পারে। শিক্ষার্থীদের বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবেই এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে সুনাম ও কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। স্কুলের সমাবেশ, ক্রিকেট খেলা ও গ্রন্থাগার ঘিরে তাঁর শৈশবের স্মৃতি এখনো মনে রয়েছে। শিক্ষকদের পাশাপাশি স্কুলের বিভিন্ন কাজে যুক্ত কর্মীদের কথাও তাঁর স্মৃতিতে অমলিন।

মন্ত্রী বলেন, স্কুলটির পরিচালনা, উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা তাঁর কাছে সবসময় গুরুত্বপূর্ণ।

স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর না থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রতিষ্ঠানটিতে কম্পিউটার ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা কঠিন। স্কুলটিতে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পতেঙ্গায় সাড়ে তিন কিলোমিটার সাইকেল ট্র্যাক উদ্বোধন

এর আগে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি শুধু সাইকেল আরোহীদের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে সড়কের পাশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন রয়েছে। মানুষ সাইকেলে কর্মস্থলে যাতায়াতের পাশাপাশি শারীরিক ব্যায়ামের সুযোগও পান। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় সরকার।

চট্টগ্রাম নগরীতে আরও চার-পাঁচটি সাইকেল চলাচলের পথ নির্মাণের জন্য মেয়রের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর মতে, বাস ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে সাইকেল ব্যবহারের সুযোগ বাড়ানো প্রয়োজন।

হাঁটা ও শরীরচর্চার পরিবেশ তৈরিতে গুরুত্ব

নগরীর খালগুলোর দুই পাশে উপযুক্ত স্থানে হাঁটার পথ নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মানুষ যেন নির্বিঘ্নে হাঁটতে ও দৌড়াতে পারে, সে জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। পাশাপাশি দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো ক্রীড়া ইভেন্টে দক্ষ খেলোয়াড় তৈরির জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।

নারী-পুরুষ সবার জন্য বিভিন্ন এলাকায় হাঁটার পথ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নগরজীবনে আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্টকেন্দ্রিক জীবনযাপনের কারণে মানুষের শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে হাঁটা, দৌড়ানো ও নিয়মিত শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।