পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্পায়ন, পানি ব্যবস্থাপনা এবং কৃষি খাতে দেশটির অবদানের কথা তুলে ধরেন তিনি।
এ সময় দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, অভিবাসন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতেও মতবিনিময় হয়।
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আদান-প্রদান বাড়ানোর বিষয়ে নেদারল্যান্ডসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমার আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক ফোরামে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।





