দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ শিশু। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।





