অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা কিংবা তাঁর বোন শেখ রেহানা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও পতন ঘটেছে। দলটির রাজনৈতিক অধ্যায় বাংলার মাটিতে শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এত বড় গণহত্যার পরও যদি এই দেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তবে তা শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি করা হবে।”
শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু মূল বাস্তবতা হলো শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তারা ও তাদের দল আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও এখনো কিছু দোসর রয়ে গেছে। তবে এই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বীর বাসভবনে যান। সেখানে তিনি শহীদ রাব্বীর স্ত্রী, সন্তান ও রত্নগর্ভা মায়ের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান। পাশাপাশি রাব্বী হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





