গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠকের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব বৈঠকে অন্তত ৫০ জন নেতাকর্মীর অংশ নেওয়ার কথা ছিল।
গোপন সূত্রে বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবি পুলিশের একাধিক দল। পুলিশের অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীরা একত্র হয়ে পাশের ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মজনু সরকারকে ধানক্ষেত থেকে আটক করা হয়।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২০২৫ সালের ২২ মে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এবং মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৫ সালে দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।





