পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আগামী নভেম্বর মাসে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে পরীক্ষামূলক উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে চুল্লিতে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এর পরপরই নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর ধারাবাহিক বিভাজন প্রক্রিয়া চালু করা হচ্ছে। এর মাধ্যমে পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।
প্রথম ইউনিটে পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এ পর্যায়ে সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাসংক্রান্ত জটিলতাও সমাধান করা হয়েছে।
এর পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন।
এই প্রক্রিয়ায় চুল্লির ভেতরে পরমাণুর বিভাজনের মাধ্যমে তাপশক্তি উৎপন্ন হয়। পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যও পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ইউনিটে স্থাপিত ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন এবং দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু হওয়ায় রূপপুর প্রকল্পের কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। প্রয়োজনীয় পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও কারিগরি অনুমোদনের ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার পথ আরও এগিয়ে যাবে।
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত করার পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।





