টোকিও: জাপানের সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরিতে দেশটির সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি প্রচলিত সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরেও বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করতে নতুন নতুন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে দুই দেশের সহযোগিতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নতুন চুক্তি ও বিনিয়োগ সহযোগিতা নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণ এবং উন্নয়ন অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে দুই দেশের আগ্রহ প্রতিফলিত হয়েছে।





