সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় দেশ। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের দুই সংসদ সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেনের বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য হিসেবে দুই ব্রিটিশ সংসদ সদস্য বৈঠকে অংশ নেন।
আলোচনায় সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। পাশাপাশি সমান অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ সংসদ সদস্যরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন।
বৈঠকে গুরুত্ব পায় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটও। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন উভয় পক্ষ।
এ সময় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।





