ঝিনাইদহ কলেজের শিক্ষার মানোন্নয়ন, জাতীয়করণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটি জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কলেজের বিদ্যমান বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় ঝিনাইদহ কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।





