বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।





