ভাষাগত দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; জ্ঞান বিনিময়, দক্ষতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ উপাদান। নিজের বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপন করা এবং চিন্তাভাবনা কার্যকরভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাস্তব জীবনে যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং পেশাগত সক্ষমতা তৈরির মাধ্যম হিসেবেও ভাষাশিক্ষাকে কাজে লাগাতে হবে।
চীনের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষার বিকাশ এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহায়ক। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পরিসর বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
তাঁর মতে, মাতৃভাষায় জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক ভাষায় পারদর্শিতা—এই দুইয়ের সমন্বয় জ্ঞান বিনিময়, বৈশ্বিক যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়াতে পারে।
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নেওয়ার লক্ষ্য তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, এ জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। তরুণদের কারিগরি জ্ঞান, যোগাযোগ দক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় পারদর্শিতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের ভাষাশিক্ষায় অর্জিত সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানো প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।





