রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে ঘটে যাওয়া লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন।
আরও পড়ুনঃ চট্টগ্রাম থেকে ডিমান্ড-বেসড প্রশিক্ষণের পাইলট কার্যক্রম শুরু হবে
মন্ত্রণালয়ের জারি করা আদেশে তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাইকপাড়া সরকারি কোয়ার্টারের লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা কিংবা অনিয়ম ছিল কি না, তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
তদন্ত শেষে নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





