ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক প্রয়াত রনি শেখের মৃত্যু দাবির চেক তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে রনি শেখের বাবা মো. বারিক শেখের হাতে ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার চেক তুলে দেন অতিথিরা।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধুখালী উপজেলা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঢাকা হেড অফিসের ডিএমডি ও প্রজেক্ট এলিগেন্ট মো. জসিম উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা অফিসের সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা অফিসের ডেপুটি প্রজেক্ট হেড এলিগেন্ট মো. সুলতান হোসেন খান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা, কামারখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সালাম মন্ডল, মধুখালী উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম ফুরাদ এবং আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান মিয়া হাবিব, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আরএসএম ও বোয়ালমারী অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
৩৩ হাজার টাকা জমায় প্রায় ২ লাখ ৯১ হাজার টাকার চেক
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক রনি শেখ মৃত্যুর আগে ১১টি কিস্তিতে মোট ৩৩ হাজার ৩৩ টাকা জমা দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর বিমার শর্ত অনুযায়ী এককালীন ২ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকার চেক দেওয়া হয় পরিবারের কাছে।
প্রধান অতিথি মো. জসিম উদ্দীন বলেন, গ্রাহকদের দুর্দিন ও বিপদে পাশে দাঁড়ানোই জীবনবিমা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। রনি শেখের অকালমৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, সময়মতো মৃত্যু দাবির চেক হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকের প্রতি দায়িত্বশীলতা ও নির্ভরযোগ্যতার পরিচয় দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকসেবার মান বজায় রেখে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।





