হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ১১টি মামলা করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যানজট কমাতে অভিযান অব্যাহত থাকবে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, নবীগঞ্জ পৌর শহরের যানজট নিরসন এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ ও চলাচলের উপযোগী রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ও পৌরসভার কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।





