খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি মাছ এবং বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)। তাঁরা সবাই কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি সাদা মাছ, দুটি ভেসালি জাল এবং ১০০ মিটার চরপাটা জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বন বিভাগের দায়ের করা মামলায় তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন বলেন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা, বিষ ও বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার জলজ প্রাণী ও সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও সামগ্রিক প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ শিকারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





