শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। দক্ষ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এ লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে পুরস্কার বিতরণীর মতো আয়োজনের গুরুত্ব তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করে। একই সঙ্গে তাদের মধ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। এর পাশাপাশি দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতির প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমেই উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ
বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রতিমন্ত্রী হাটহাজারীর চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতির মাঠে যান। সেখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহার বিতরণ করেন তিনি।





