সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকার মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রাঙ্গণের সার্বিক পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সহকারী প্রেস সচিব জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিষ্কার রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তারেক রহমান।

নাজমুল হক আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।