পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩৫, শিক্ষার্থী ৩৪ জন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩৫, শিক্ষার্থী ৩৪ জন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩৫, শিক্ষার্থী ৩৪ জন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৪ জনই শিক্ষার্থী। নিহত অপরজন স্কুলটির একজন শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে স্কুলটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, দুর্ঘটনার পর হাসপাতালটিতে ৩৩টি মরদেহ নিয়ে আসা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য জানান। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৪ বছরের কম।

দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডা. মিঞা সাঈদ জানান, তিনতলা স্কুল ভবনটি শহরের জনবহুল দীর কলোনিতে অবস্থিত। এলাকাটির রাস্তাঘাট সরু হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, ছাদ ধসে পড়ার সময় সংশ্লিষ্ট শ্রেণিকক্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল। ভবনটিতে একাধিক ত্রুটি ছিল এবং ছাদ নির্মাণে মাটির তৈরি টাইলস ব্যবহার করা হয়েছিল।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ছাদে ব্যবহৃত টাইলসগুলোর ওজন বেশি ছিল। এতে ভবনটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং একপর্যায়ে ছাদ ধসে পড়ে। পুরো ভবনটি ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকাজের সময় প্রথমেই ভেতরে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ দুর্ঘটনার খবর প্রকাশ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।