সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব মান দিবস আজ

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব মান দিবস আজ
বিশ্ব মান দিবস

আজ ১৪ অক্টোবর, বুধবার, ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার গুণগত মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘Shared Vision for a Better World—Affordable and Clean Energy’। বাংলায় এর ভাবার্থ—‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান নির্ধারণকারী সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (ISO), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (IEC) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) যৌথভাবে দিবসটি উদ্‌যাপন করছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সপ্তম লক্ষ্য, অর্থাৎ সবার জন্য সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই লক্ষ্য অর্জনে জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর দক্ষ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান জ্বালানির নিরাপত্তা, কার্যকারিতা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ পূর্ববাংলা থেকে পূর্ব পাকিস্তান দিবস আজ

বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ প্রযুক্তির মান নিশ্চিত করতে ইতোমধ্যে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারিসংক্রান্ত ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। সব মিলিয়ে বিএসটিআইয়ের প্রণীত বাংলাদেশ স্ট্যান্ডার্ডসের সংখ্যা ৪ হাজার ৬৩১টি।

সৌরবিদ্যুৎ সরঞ্জামের গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি। এখানে জার্মান প্রযুক্তির আধুনিক সান সিমুলেটর ব্যবহার করে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা যায়। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ, উন্নত আলোক উৎস এবং ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এ পরীক্ষাগারে সৌর প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করা হয়।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান কার্যালয়, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

বিশ্ব মান দিবসের মূল বার্তা হলো—উন্নত, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে পণ্য ও সেবার মান নিশ্চিত করার পাশাপাশি জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটানো। সম্মিলিত উদ্যোগ ও আন্তর্জাতিক মানের কার্যকর প্রয়োগের মাধ্যমেই সবার জন্য নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানির সুযোগ সম্প্রসারণ সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।